[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে হুমায়ূন আহমেদ স্মরণে মেলা

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ১ মে ২০২৬ ১১:২৯ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘হুমায়ূন মেলা-১৪৩৩’।

বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।

গত ৩০ এপ্রিল সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এ মেলা। এতে হুমায়ূন আহমেদের সাহিত্য ও সৃষ্টিকর্মকে কেন্দ্র করে নানা আয়োজন ছিল।

নাট্য মঞ্চায়ন, সংগীত পরিবেশনা, লোকগান, নৃত্য, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা এবং ব্যতিক্রমী ‘হাঁস ধরা’ প্রতিযোগিতা মেলায় ভিন্ন মাত্রা যোগ করে।


বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়। কোর্সটির তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক বাঁধন তোকদার। আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ‘স্পিড’ ব্র্যান্ড।


মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। তিনি হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন এবং তাঁর সৃষ্টির বৈশিষ্ট্য তুলে ধরেন।

কোথাও কেউ নেই, ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’, ‘নক্ষত্রের রাত’সহ বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অধ্যাপক রাহমত আলী এবং অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি।

তাঁরা নাট্যচর্চা ও নতুন প্রজন্মের শিল্পীদের বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।


আয়োজন প্রসঙ্গে কোর্স সমন্বয়ক বাঁধন তোকদার জানান, শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একই সঙ্গে হুমায়ূন আহমেদের সাহিত্য ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এ মেলার মূল উদ্দেশ্য।

এসআর

সম্পর্কিত খবর