মঙ্গলবার সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের সপ্তম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যেখানে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ২০ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী ৯টি সাধারণ বোর্ডে ৩ হাজার ৪৬৫ জন, মাদরাসা বোর্ডে ১৩ হাজার
৮৩৩ জন এবং কারিগরি বোর্ডে ৩ হাজার ৩০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষায় ৫ লাখ ১৩ হাজার ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ১০ হাজার ১৪৭ জন উপস্থিত ছিলেন এবং অনুপস্থিতির হার ছিল শূন্য দশমিক ৬৭ শতাংশ।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৮২৩ জন অনুপস্থিত ছিল এবং চট্টগ্রাম বোর্ডে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ‘ইংরেজি প্রথম পত্র’ পরীক্ষায় ২ লাখ ৫৮ হাজার ৫৬৪ জনের মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৪৪ হাজার ২২১ জন এবং নিয়ম ভঙ্গের দায়ে এই বোর্ডে সর্বোচ্চ ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ‘আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ’ পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ৯৪২ জন অংশ নিলেও ৩ হাজার ৩০৬ জন অনুপস্থিত ছিলেন তবে এই বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। সব মিলিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে মোট ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে যার মধ্যে ৭ জনই মাদরাসা বোর্ডের।
এসআর