[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

জাককানইবিতে ফিল্ম ও মিডিয়া বিভাগের নাম-অনুষদ পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের

আইভি আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ১:৪৫ এএম

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সোচ্চার হয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

তারা আজ ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপন করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে কমিটির সুপারিশ বাস্তবায়নে দেরি হলে আন্দোলনের পথ বেছে নেওয়ারও হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।


বিভাগের শিক্ষার্থী মাসুম মিয়া বলেন, বর্তমান সময়ে ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন পারস্পরিকভাবে সম্পর্কিত একটি বিস্তৃত ক্ষেত্র।

বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন হলে একাডেমিক মানোন্নয়ন যেমন ঘটবে, তেমনি উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে। তাই দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি।


বিশেষজ্ঞ কমিটি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভাগের নাম পরিবর্তন করে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ করার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।

পাশাপাশি বিভাগটিকে বর্তমান কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের সুপারিশও করা হয়।

প্রসঙ্গত,  এর আগে ২০২৫ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিভাগটির নাম পরিবর্তনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।


কমিটির সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল প্রতিদিনের বাংলাকে বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং বর্তমান একাডেমিক ও পেশাগত বাস্তবতা বিবেচনায় এই প্রস্তাব গৃহীত হয়েছে। বিষয়টি এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


এ বিষয়ে সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তুহিন অবন্ত প্রতিদিনের বাংলাকে  বলেন, এ নিয়ে ব্যক্তিগত মন্তব্য করা সমীচীন নয়।

একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে এবং তিনি সেই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।


বিভাগীয় সূত্রে আরও জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্তির দাবিতে উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ডিনের কাছে স্মারকলিপি জমা দেন।

পরবর্তীতে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় এ বিষয়ে সর্বসম্মত সুপারিশ করা হয়।

এসআর

সম্পর্কিত খবর