[email protected] সোমবার, ৪ মে ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩

বুটেক্সে ছাত্রদলের কমিটি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের বিক্ষোভ

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৮:১৭ পিএম

সংগৃহীত ছবি

রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৫ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি করা হয়েছে ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন কাজলকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৬তম ব্যাচের মিয়া মোহাম্মদ রুবেল। কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশও দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সব ধরনের রাজনৈতিক সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন প্রেক্ষাপটে নতুন কমিটি ঘোষণায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


রোববার (৩ মে) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্লোগানে তারা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি না চাওয়ার অবস্থান তুলে ধরেন।


শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা জানান, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা ছাড়া তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।


প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ক্যাম্পাসের ভেতরে কোনো রাজনৈতিক কার্যক্রম চলছে কি না সেটিই মূল বিবেচ্য বিষয়। বাইরের কোনো সংগঠন কমিটি ঘোষণা করলে তা সরাসরি নিয়ন্ত্রণের সুযোগ নেই, তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ড যেন না হয়, তা নিশ্চিত করা হবে।


অন্যদিকে, কিছু শিক্ষার্থী প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার চেষ্টা চললেও এ ধরনের সিদ্ধান্ত সেই পরিবেশকে প্রশ্নের মুখে ফেলছে।


তবে নতুন কমিটির সভাপতি শাহাদাত হোসেন কাজল বলেন, আন্দোলনের যৌক্তিকতা তিনি দেখছেন না। তার দাবি, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং আবাসন ও টিউশন ফি–সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।


সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলও বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা ও সহাবস্থান নিশ্চিত করতে তারা কাজ করবেন।

একই সঙ্গে তিনি বর্তমান প্রতিবাদকেও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন।

এসআর

সম্পর্কিত খবর