খুলনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক সংগঠন ‘নৈয়ায়িক’-এর উদ্যোগে ফ্রেশার্স ডিবেট লিগ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন থেকে আগত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মোট ২০টি দল অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
তিনি নবীন বিতার্কিকদের উদ্যম ও প্রতিভার প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে ‘নৈয়ায়িক’ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নতুন বিতার্কিকদের খুঁজে বের করতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।
তিনি আরও উল্লেখ করেন, গঠনমূলক বিতর্ক চর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং তাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
ভবিষ্যতে এই নবীন বিতার্কিকরাই দেশের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাবরিনা জাহান (ইকোনমিক্স), রাফিয়া রশিদ (সমাজবিজ্ঞান) এবং নায়িমুল (এইচআরএম) সমন্বয়ে গঠিত দল।
রানারআপ হয় রায়শি হালদার প্রিথা (অ্যাগ্রোটেকনোলজি), রুমাইয়া হোসেন জারিয়া (বাংলা) ও নন্দা গোপাল (ইংরেজি) সমন্বয়ে গঠিত দল।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পুনম চক্রবর্তী, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সারা মোনামী হোসেন এবং ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক আফসানা কবির প্রীতি।
এছাড়া অনুষ্ঠানে ‘নৈয়ায়িক’-এর সভাপতি নওরিন হক, সাবেক সাধারণ সম্পাদক খালিদ আহমেদ, সাবেক সহ-সভাপতি মো. রাফিদ তাহিয়াতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নবীনদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা ভবিষ্যতে বিতর্ক চর্চাকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসআর