[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

মে দিবসে শ্রমজীবীদের সম্মানে ইবিতে সিআরসির ব্যতিক্রমী উদ্যোগ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১ মে ২০২৬ ৯:২৮ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ বিশেষ কর্মসূচির আয়োজন করেছে।

শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে ভ্যানচালক ও শ্রমজীবী মানুষের মাঝে টি-শার্ট, গামছা, পানির বোতল ও স্যালাইনসহ বিভিন্ন উপহার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল্লাহ আল গালিব সঞ্চালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক স্কুল পরিচালক সাইফুল ইসলাম, বর্তমান সভাপতি মো. নাজমুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, স্কুল পরিচালক মো. আজিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

পাশাপাশি কর্মসূচিতে অংশ নেন শ্রমিক ও ভ্যানচালকরাও।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের পাশে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


উপহার গ্রহণ শেষে এক শ্রমিক জানান, প্রতিদিন কঠোর পরিশ্রম করলেও তাদের কথা খুব কমই কেউ ভাবে। এ ধরনের আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং কাজের প্রতি আগ্রহ বাড়ায়।


সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, সিআরসি মূলত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করলেও তারা সমাজের অন্যান্য অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায়। তিনি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, সিআরসি দীর্ঘদিন ধরে পথশিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। মে দিবস উপলক্ষে ক্যাম্পাসের শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিকদের অবদান ছাড়া দৈনন্দিন জীবন সচল রাখা সম্ভব নয়।


উল্লেখ্য, ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ দীর্ঘদিন ধরে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটি শিক্ষা কার্যক্রম, খাদ্য বিতরণ এবং শীতবস্ত্রসহ বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করে থাকে।

এসআর

সম্পর্কিত খবর