[email protected] শুক্রবার, ১ মে ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩

কুবিতে ছাত্রীকে হয়রানি: বহিরাগত যুবক আটক, সতর্কবার্তা দিয়ে পরিবারের জিম্মায় মুক্তি

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ৯:১৭ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

পরে তার অভিভাবকের উপস্থিতিতে লিখিত ও ভিডিও আকারে অঙ্গীকারনামা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।


বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ ঘটনা ঘটে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তিনি দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় অবস্থান পরিবর্তন করলেও ওই যুবক তার পিছু নেন বলে অভিযোগ রয়েছে।


ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং অভিভাবকের জিম্মায় দেওয়ার আগে ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার শর্তে লিখিত ও ভিডিও অঙ্গীকার গ্রহণ করে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম জানান, দুপুরের দিকে এক বহিরাগত শিক্ষার্থীকে হয়রানি করলে শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসে।

পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সতর্কতার ভিত্তিতে অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর