বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন-ভাতার প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই প্রস্তাবটি আইবাস সিস্টেমে আপলোড করা হবে। এরপর অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হয়ে তা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হবে, সেখান থেকে শিক্ষক-কর্মচারীদের হিসাবে অর্থ জমা হবে।
এক কর্মকর্তা জানান, দ্রুত প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষ দিকে বেতন পাওয়া যেতে পারে। প্রাথমিকভাবে বৃহস্পতিবারের মধ্যে বেতন দেওয়ার পরিকল্পনা থাকলেও কোনো জটিলতা দেখা দিলে ১০ বা ১১ মে নাগাদ অর্থ অ্যাকাউন্টে পৌঁছাতে পারে।
প্রতিমাসেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অনলাইনে বেতনের বিল জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে চূড়ান্ত অনুমোদন হলে বেতন-ভাতা ছাড় করা হয়।
এসআর