বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (BDOAA)-এ “Best Regional Coordinator Award” অর্জনের পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) একটি শিক্ষার্থী দল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বিশ্ববিদ্যালয়ের স্পেস, টেক অ্যান্ড রিসার্চ ক্লাবের প্রতিনিধিরা এ সাক্ষাতে অংশ নেন। ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাফিনসহ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অলিম্পিয়াডের আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বিষয়গুলো শেয়ার করেন।
এ সময় উপাচার্য শিক্ষার্থীদের এ অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও গবেষণামুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
তিনি আরও উল্লেখ করেন, বিজ্ঞানভিত্তিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও গবেষণার আগ্রহ বাড়াতে সহায়ক। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞানে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে মাভাবিপ্রবি ক্যাম্পাসে অলিম্পিয়াডটির আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরবর্তীতে ২০২৬ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত জাতীয় পর্বে সফল আয়োজনের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্লাবটি “Best Regional Coordinator Award” লাভ করে।
এসআর