[email protected] বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

বিভাগটি নাম ও অনুষদ বদলের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাপ

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ৩:৫৮ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।

তারা চান, আসন্ন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক।


শিক্ষার্থীরা জানান, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটি সর্বসম্মতভাবে নাম ও অনুষদ পরিবর্তনের সুপারিশ করেছে। তবে দীর্ঘসূত্রতা হলে তারা আন্দোলনে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিল সভায় বিষয়টি আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের দাবি, কমিটির সুপারিশ দ্রুত কার্যকর করা হলে বিভাগটির একাডেমিক মান ও ভবিষ্যৎ সম্ভাবনা আরও বিস্তৃত হবে।


বিভাগের শিক্ষার্থীদের মতে, বর্তমান সময়ে ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই বিভাগের নাম পরিবর্তন করে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ রাখা এবং কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তর করলে তা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।


বিশেষজ্ঞ কমিটির বৈঠকে গত ফেব্রুয়ারিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানা গেছে।


কমিটির সদস্য সচিব জানান, শিক্ষার্থীদের চাহিদা, একাডেমিক বাস্তবতা এবং পেশাগত ক্ষেত্র বিবেচনায় এই সুপারিশ করা হয়েছে। এখন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য সিন্ডিকেটের অপেক্ষায় রয়েছে।


এ বিষয়ে সাবেক বিভাগীয় প্রধান মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করলেও তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকরা শিক্ষার্থীদের কল্যাণ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন।


উল্লেখ্য, গত বছর থেকেই বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়ে আসছেন। পরবর্তীতে বিভাগীয় একাডেমিক কমিটির সভাতেও এ বিষয়ে ইতিবাচক সুপারিশ গৃহীত হয়।

এসআর

সম্পর্কিত খবর