ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী এস. এম. রায়হান জুবায়ের বর্তমানে গুরুতর মস্তিষ্কজনিত জটিলতায় ভুগছেন।
চিকিৎসকদের মতে, দ্রুত উন্নত চিকিৎসা না পেলে তার অবস্থা যেকোনো সময় সংকটাপন্ন হয়ে উঠতে পারে।
তবে প্রয়োজনীয় অস্ত্রোপচার দেশের বাইরে করাতে হবে, যার জন্য আনুমানিক ২০ লাখ টাকা প্রয়োজন—যা জোগাড় করতে হিমশিম খাচ্ছে তার পরিবার।
পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের জানুয়ারিতে একটি ছোট অপারেশনের পর হঠাৎ করে জুবায়েরের তীব্র মাথাব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি শুরু হয়।
প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে বড় হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে।
ঢাকায় বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (AVM) শনাক্ত হয়, যা একটি জটিল রক্তনালীর সমস্যা। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ রোগের কার্যকর চিকিৎসার জন্য গামা নাইফ সার্জারি প্রয়োজন, যা বর্তমানে দেশে উপলব্ধ নয়।
চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর বা যুক্তরাষ্ট্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে জুবায়েরের পরিবার, বন্ধু ও সহপাঠীরা তার চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা বিভিন্নভাবে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন এবং সমাজের সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন।
সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ:
মো. সবুজ জোয়ার্দার
বিকাশ/নগদ: ০১৯০৭-০২১১৫৯
ব্যাংক তথ্য:
অ্যাকাউন্ট নম্বর: 20507056700039004
ব্যাংক: Islami Bank Bangladesh PLC
নাম: S M Raiyan Jubair
শাখা: Boyra Bazar Sub-Branch (SMSA: 390)
উল্লেখ্য, জুবায়ের সমাজকল্যাণ বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত। পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তার আকস্মিক অসুস্থতায় পরিবার ও সহপাঠীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
এসআর