[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

কৃষ্ণচূড়া নিয়ে ক্যাপশন বিতর্কে ইবিতে উত্তেজনা, শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা দাবী

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীর দেওয়া একটি ছবির ক্যাপশন ঘিরে ক্যাম্পাসে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলিক কুমার সম্প্রতি কৃষ্ণচূড়া ফুলের সঙ্গে তোলা একটি ছবিতে ভিন্নধর্মী একটি শব্দ ব্যবহার করলে তা নিয়ে বিতর্ক শুরু হয়।


ধর্মভিত্তিক সংগঠন ‘লাইট অব কুরআন’ এ ঘটনায় আপত্তি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে। তাদের দাবি, ব্যবহৃত শব্দটি ধর্মীয়ভাবে সংবেদনশীল এবং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এ কারণে তারা অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি স্থায়ী বহিষ্কারের দাবিও তুলেছে।


সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বিষয়টি কেবল একটি শব্দচয়ন নয়, বরং এটি ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি অসম্মান হিসেবে বিবেচিত হতে পারে। তারা আরও অভিযোগ করে যে, এর আগেও সংশ্লিষ্ট শিক্ষার্থীর কিছু মন্তব্য বিতর্ক তৈরি করেছিল।


তবে অভিযোগ অস্বীকার করে অলিক কুমার বলেন, এটি কোনোভাবেই ধর্মকে উদ্দেশ্য করে করা হয়নি। তিনি দাবি করেন, একটি ঐতিহাসিক উক্তি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি শব্দটি ব্যবহার করেছিলেন এবং বিষয়টিকে ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার হিসেবে দেখাতে চেয়েছিলেন। কেউ এতে কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান।


বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এ ধরনের ইস্যু সংবেদনশীল হওয়ায় শৃঙ্খলা কমিটির মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।


অন্যদিকে বিভাগের সভাপতি ড. খাইরুল ইসলাম বলেন, তিনি বিষয়টি সম্পর্কে শুনেছেন, তবে আনুষ্ঠানিক অভিযোগ পেলে বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।


উল্লেখ্য, গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টটি পরে সংশ্লিষ্ট শিক্ষার্থী নিজেই সরিয়ে ফেলেন।

এসআর

সম্পর্কিত খবর