[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

নিকলীতে এসএসসি ও দাখিল পরীক্ষা ১ ঘণ্টা পর শুরু

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ৭:০৪ পিএম

সংগৃহীত ছবি

হঠাৎ বজ্রসহ ভারী বৃষ্টিপাতের কারণে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় উপজেলার সবকটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এ সময়সূচি পরিবর্তন করা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা এদিন সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল।

তবে ভোর থেকেই টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি।


নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় এবং মহরকোণা আশরাফিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্রে কর্তৃপক্ষ সকাল সাড়ে ৯টার দিকে মাইকিং করে পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের জানায়।


শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. সাফি উদ্দিন জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে দূরবর্তী এলাকার পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে নেওয়া হয়েছে।


নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি বলেন, আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হওয়ায় শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব কেন্দ্রেই পরীক্ষা সকাল ১১টায় শুরু করা হয়।

এসআর

সম্পর্কিত খবর