আইভি আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ক্যাম্পাসের পথকুকুরদের সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে এন্টি-র্যাবিস ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, JKKNIU Animal Welfare Society ও Human Paws Initiative-এর যৌথ ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর আলম। উদ্বোধনের পরপরই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনা করা হবে।
এ উদ্যোগকে প্রাণীকল্যাণের পাশাপাশি ক্যাম্পাসে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হবে।
জাককানইবি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ঐশিক নূর বলেন, ক্যাম্পাসের পথকুকুরদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে সংগঠনটি কাজ করছে।
এ ধরনের উদ্যোগ প্রাণী ও মানুষের সহাবস্থানকে আরও নিরাপদ করবে বলে তিনি মনে করেন।
এসআর