[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

ইবিতে ফলভিত্তিক সচেতনতা কর্মসূচি, ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্যোগ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ৩:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়াতে ফল বিতরণ ও তহবিল সংগ্রহ কার্যক্রম আয়োজন করেছে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি) স্টুডেন্ট চ্যাপ্টার।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই কর্মসূচি শুরু হয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ দেওয়া, ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের চিকিৎসা সহায়তায় অর্থ সংগ্রহ—এই তিনটি লক্ষ্য সামনে রেখে আয়োজনটি পরিচালিত হয়।


আয়োজকরা জানান, ক্যান্সার অনেক সময় নীরবে শরীরে বিস্তার লাভ করে এবং এর ঝুঁকি সম্পর্কে অনেকেই অবগত নন। তবে নিয়মিত পুষ্টিকর ফল খাওয়ার অভ্যাস গড়ে তুললে ঝুঁকি কিছুটা কমানো সম্ভব। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পেয়ারা, আপেল, আনারস, তরমুজ, শসা, লেবুসহ বিভিন্ন ফল বিতরণ করা হয়।


সংগঠনের এক সদস্য বলেন, উন্নয়নশীল দেশে ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল ও কঠিন হওয়ায় প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, অস্বাস্থ্যকর খাবারের পরিবর্তে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করাই তাদের উদ্দেশ্য।


সিসিআরটিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, দেশে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যার একটি বড় অংশের সঙ্গে খাদ্যাভ্যাস জড়িত। তাই সচেতনতা বাড়ানো জরুরি।

“খালি পেটে পানি, ভরা পেটে ফল”—এই বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে হলভিত্তিক আরও কর্মসূচি নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।


আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়ক হবে এবং একই সঙ্গে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি করবে।

এসআর

সম্পর্কিত খবর