পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস)-এর সদস্যদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।
হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয় এ কর্মসূচি থেকে।
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।
ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি বলেও তারা উল্লেখ করেন।
ডিআইইউসাসের সভাপতি কালাম মুহাম্মদ বলেন, ঢাবিসাসের সদস্যদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়।
সাংবাদিকদের ওপর আক্রমণ মানে স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের পথে বাধা সৃষ্টি করা। তিনি দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমন ঘটনা গভীর উদ্বেগজনক। যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সহিংসতা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ডিআইইউসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক চর্চার জন্য পরিচিত এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলা শুধু দুঃখজনক নয়, বরং পুরো জাতির জন্য লজ্জার বিষয়।
তিনি সংশ্লিষ্ট সংগঠনকে তাদের সহিংসতায় জড়িত কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম বলেন, এ হামলা শুধু ব্যক্তিগত আঘাত নয়; এটি ক্যাম্পাস সাংবাদিকতার জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত।
সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য উল্লেখ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নাইমুর রহমান ইমন, কোষাধ্যক্ষ মো. আল শাহারিয়া সুইট, সহ দপ্তর ও প্রচার সম্পাদক মো. হৃদয় এবং সদস্য মো. শহিদুল ইসলাম সোহেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআর