ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবিসাস) সদস্যদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।
একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে হাবিপ্রবিসাসের নেতাকর্মীরা অংশ নেন।
সংগঠনের সভাপতি তালহা হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাফিউল হুদার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গোলাম ফাহিমুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ব্যাহত হতে পারে।
সভাপতি তালহা হাসান তার বক্তব্যে বলেন, ছাত্রদলের অতীত ভূমিকা ইতিবাচক হলেও সাম্প্রতিক এই ঘটনার পর তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে।
সাধারণ সম্পাদক রাফিউল হুদা বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে কাজ করেন।
তাদের ওপর হামলা মানে সত্য প্রকাশে বাধা সৃষ্টি করা। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, এ ধরনের ঘটনা থেকে বিরত থেকে গণমাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানানোর জন্য।
উল্লেখ্য, গত ২২ ও ২৩ এপ্রিল শাহবাগ থানার আশপাশ এলাকায় একটি ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গিয়ে ঢাবিসাসের অন্তত ১৬ জন সাংবাদিক হামলার শিকার হন।
এসআর