ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)।
একই সঙ্গে তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এসময় তারা হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সত্য তুলে ধরার কাজ করেন। দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি। এমন ঘটনা ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি তৈরি করে এবং মুক্ত সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করে।
বুটেক্সসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ বলেন, সাম্প্রতিক ঘটনায় তারা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
সংগঠনের সভাপতি আল জাবের রাফি বলেন, সাংবাদিকদের ওপর সহিংসতা মুক্ত গণমাধ্যমের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল সাহা বলেন, অতীতেও নানা প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকরা দায়িত্ব পালন করে গেছেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ শিক্ষার্থীদের মতপ্রকাশও ঝুঁকির মুখে পড়বে।
মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এসআর