[email protected] রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩

তরুণদের ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া সংস্কৃতি’ নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৩:২৬ পিএম

সংগৃহীত ছবি

দেশের তরুণদের একটি বড় অংশ এখন দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রবণতায় অভ্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তার ভাষায়, অনেক তরুণ বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ না করে তাৎক্ষণিক মন্তব্য বা প্রতিক্রিয়ায় ঝুঁকে পড়ে, যা গবেষণামুখী চিন্তাভাবনার পথে বাধা সৃষ্টি করতে পারে।


রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করা এবং উদ্ভাবকদের অধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়।


মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ হলেও তাদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জনকে অগ্রাধিকার দিচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে শৃঙ্খলাবোধের ঘাটতিও দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।


তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে লাইভ বা মন্তব্যের ক্ষেত্রে অনেক সময় অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যহীন বক্তব্য ছড়িয়ে পড়ে, যা একটি অস্বাস্থ্যকর প্রবণতা তৈরি করছে। এর ফলে গভীর চিন্তা ও গবেষণামুখী মানসিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে।


বাংলাদেশে মেধাস্বত্ব সুরক্ষার ক্ষেত্রেও পিছিয়ে থাকার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অনেক উদ্ভাবন বিদেশে নিবন্ধিত হলেও দেশে যথাযথভাবে তা সংরক্ষণ করা যাচ্ছে না। প্রশাসনিক দুর্বলতাই এর অন্যতম কারণ বলে তিনি মনে করেন।


তরুণদের ইতিবাচকভাবে গড়ে তুলতে এবং গবেষণামুখী পরিবেশ তৈরিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মত দেন।

এসআর

সম্পর্কিত খবর