জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক শিক্ষার্থীদের গবেষণামুখী জ্ঞানচর্চা বাড়ানো এবং একাডেমিক দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে একটি সমন্বিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক শিক্ষার্থীদের গবেষণামুখী জ্ঞানচর্চা বাড়ানো এবং একাডেমিক দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে একটি সমন্বিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এ আয়োজন করে, যেখানে সহযোগী হিসেবে ছিল গবেষণা সংগঠন রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (আরআইটি)।
শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে আয়োজিত এ সেমিনার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।
এতে বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
‘গবেষণা প্রবন্ধ অনুধাবন: একাডেমিক গবেষণার মৌলিক ধারণা’ শীর্ষক এই আয়োজনটি কয়েকটি সেশনে বিভক্ত ছিল।
প্রতিটি সেশনে গবেষণার ভিত্তিগত ধারণা, গবেষণার বিষয় নির্ধারণ, প্রবন্ধ লেখার কৌশল, গবেষণা পদ্ধতি নির্বাচন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণসহ উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা গবেষণা প্রবন্ধের কাঠামো, যৌক্তিক বিশ্লেষণ, গবেষণার সমস্যা ও প্রশ্ন প্রণয়ন, গবেষণা নকশা নির্ধারণ এবং তথ্য বিশ্লেষণের কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
পাশাপাশি একাডেমিক লেখালেখি, সঠিক রেফারেন্সিং পদ্ধতি এবং কার্যকর উপস্থাপনার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সেমিনারের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, গবেষণা কেবল উচ্চশিক্ষার একটি অংশ নয়, বরং নতুন জ্ঞান সৃষ্টি ও সমাজ উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল ইসলাম উল্লেখ করেন, শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি করা গেলে ভবিষ্যতে একটি দক্ষ ও বিশ্লেষণধর্মী প্রজন্ম গড়ে উঠবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরআইটির নির্বাহী পরিচালক ড. একরাম উদ্দিন সুমন, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এসআর