ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ এবং অবাধ সাংবাদিকতা নিশ্চিতের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি আয়োজন করে ইবি রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ), ইবি প্রেস ক্লাব ও ইবি সাংবাদিক সমিতি (ইবিসাস)।
মানববন্ধনে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং এটি বাকস্বাধীনতার জন্য হুমকি।
তারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে বিলম্ব হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। রাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বলতাও এমন ঘটনার পেছনে ভূমিকা রাখছে বলে মত দেন তারা।
ইবিরিইউ’র সভাপতি সাকিব আসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রথমে হয়রানি এবং পরে সংগঠিতভাবে হামলার শিকার হতে হয়েছে। তিনি এ ঘটনাকে পরিকল্পিত সহিংসতা হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, সাংবাদিকরা কোনো দলের পক্ষ হয়ে কাজ করেন না; তারা জনস্বার্থে তথ্য তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা অতীতেও নেতিবাচক পরিণতি ডেকে এনেছে। সাম্প্রতিক ঘটনায় মামলা করতে গিয়ে সহযোগিতা না পাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ইবিসাস-এর সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে।
মানববন্ধন থেকে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ সাংবাদিকতা পরিবেশ গড়ে তোলার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শাহবাগ এলাকায় এক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত এক ডজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
এসআর