জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলে মাদক সেবনের অভিযোগে ইনিশা নামের এক নারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হলের ১১৬ নম্বর কক্ষ থেকে তাকে আটক করেন আবাসিক শিক্ষার্থী ও হল সংসদের প্রতিনিধিরা।
জানা গেছে, আটক শিক্ষার্থী নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম আবর্তনের এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক। ঘটনার সময় তিনি সংশ্লিষ্ট কক্ষে অবস্থান করছিলেন।
হল সংসদের জিএস সুমাইয়া খানম জানান, এর আগে থেকেই ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বহিরাগত নিয়ে হলে প্রবেশসহ বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে বিষয়টি নজরদারিতে রাখা হয়।
শনিবার তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে আবাসিক হলে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক ড. গোলাম মোস্তফা বলেন, কক্ষটিতে মাদক সেবনের আলামত এবং তীব্র গন্ধ পাওয়া যায়। পরিদর্শনের সময় সেখান থেকে গাঁজা ও মদসহ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে। পরে বিষয়টি সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
তিনি আরও জানান, ঘটনার তদন্তে অধ্যাপক ড. সুলতানাকে আহ্বায়ক এবং ডেপুটি রেজিস্ট্রার ইয়ার হোসেনকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মঞ্জুর ইলাহি বলেন, অভিযুক্ত শিক্ষার্থী নিয়মিতভাবে তাদের হলে অবস্থান করছিলেন না। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, হল প্রশাসন ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থী হল ত্যাগ করায় তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।
উল্লেখ্য, ১১৬ নম্বর কক্ষটি ৫১তম আবর্তনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তনুজা তিথির নামে বরাদ্দ থাকলেও ঘটনার সময় তিনি কক্ষে উপস্থিত ছিলেন না।
এসআর