[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

হয় ফাঁসির কাষ্ঠে ঝুলবো, নয় গুপ্ত শিবিরদের হত্যা করবো’: ইবি ছাত্রদলের সাবেক সভাপতি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ৪:১৪ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেছেন, ‘আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ঘর থেকে বের হয়েছিলাম হাসিনার পতনের জন্য এবং আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়া পরিবারকে নিয়ে যদি কোনো নোংরামি করা হয়, তাহলে হয় আমরা মরবো, নয় আমরা মারবো। তবুও কোনো আপোষ চলবে না।

হয় আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলব, নয়তো নিজেরা আইন হাতে তুলে নিয়ে গুপ্ত শিবিরদের হত্যা করব।’

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল চারটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রসংগঠন শিবির, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন সবার নিরাপত্তা দেবে জাতীয়তাবাদী ছাত্রদল। কেউ যদি অন্যায় করে, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের কাছে সমর্পণ করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের সমালোচনা করুন, আমরা সহযোগিতা করব; কিন্তু নোংরামি করবেন না।’

এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে “গুপ্তদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”; “মেধাবীদের সেরা দল, জাতীয়তাবাদী ছাত্রদল”; “খুন করেছে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল”; “গুপ্তদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”; “এসো নবীন, ভয় নাই, ছাত্রদলে সন্ত্রাস নাই”; “শিক্ষা ও গুপ্ত রাজনীতি একসাথে চলে না”; “জামায়াত-শিবির, গুপ্ত গুপ্ত” সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “আমরা দীর্ঘদিন তাদের সঙ্গে আপোষে ছিলাম এবং ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু গুপ্ত পরিচয়ে যদি আবার ছাত্রদল নেতাকর্মী বা শিক্ষার্থীদের ওপর হামলা হয়, তাহলে আমরা দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছি। শিবিরের ভাইদের বলবো, আপনারা ওপেন রাজনীতি করেন, গুপ্ত রাজনীতি করবেন না।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই-সংগ্রাম ছিল। কিন্তু গুপ্ত বাহিনীকে ২০১৪-১৫ সালের পর কোথাও দেখা যায়নি। বর্তমানে ইবিতেও তারা হল দখলের চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় বট আইডি ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া তথ্য ও ছবি ছড়ানো হচ্ছে। নামে-বেনামে বিভিন্ন সংগঠন তৈরি করা হচ্ছে। এসব কার্যক্রম আমরা প্রতিরোধ করবোই। সাধারণ শিক্ষার্থীর নামে সুশীল সেজে মব তৈরি করা হচ্ছে। আজকের পর থেকে যারা বট আইডি দিয়ে আমাদের নিয়ে কটূক্তি করবে, তাদের শায়েস্তা করা হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিন প্রমুখ। 

এসআর

সম্পর্কিত খবর