[email protected] শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩

শিক্ষার্থীদের অনুরোধে পরীক্ষায় ফিরছেন ববি শিক্ষকরা, শাটডাউন বহাল

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ২:৩৩ পিএম

সংগৃহীত ছবি

পদোন্নতির দাবিতে আন্দোলনরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা শিক্ষার্থীদের অনুরোধে চলমান পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষক সমাজ এ ঘোষণা দেয়।

শিক্ষকদের দেওয়া বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংবিধান-সংগত কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর একটি চিঠিকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনের দাবিতে ২২ এপ্রিল থেকে তারা একাডেমিক শাটডাউন পালন করছেন।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় শিক্ষকেরা তাদের দাবির প্রতি শিক্ষার্থীদের সমর্থন পাওয়ার কথা উল্লেখ করেন।


তবে একই সঙ্গে শিক্ষার্থীরা চলমান পরীক্ষাগুলো চালিয়ে নেওয়ার জন্য জোরালো অনুরোধ জানিয়েছে।

এর প্রেক্ষিতে শিক্ষকরা জানান, যেসব সেমিস্টার বা বর্ষ ফাইনাল পরীক্ষার অন্তত একটি কোর্স ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সেসব পরীক্ষার বাকি অংশ আগামী রোববার থেকে নেওয়া হবে।


শিক্ষকরা আরও স্পষ্ট করেছেন, ইউজিসির নির্দেশনার কারণে এসব পরীক্ষার বৈধতা নিয়ে ভবিষ্যতে কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার তারা নেবেন না।


এদিকে চলমান পরীক্ষার বাইরে অন্যান্য সব একাডেমিক কার্যক্রম আগের মতোই শাটডাউনের আওতায় থাকবে বলে জানানো হয়েছে।

দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার থেকে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

এসআর

সম্পর্কিত খবর