[email protected] শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশৃঙ্খলা তদন্তে ২টি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৩৪ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনা এবং শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি পৃথক কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)

 রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে এবং তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অশালীন পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় ৩ সদস্যের আরেকটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে এর আহ্বায়ক করা হয়েছে। এই কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীকে ইতিমধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের প্রেক্ষিতে মামলা করতে থানায় যান ছাত্রদল নেতাকর্মীরা। সেখানে ছাত্রশিবির ও ডাকসু প্রতিনিধিদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

উদ্ভূত পরিস্থিতিতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় হলের ভেতর দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সহনশীল থাকার আহ্বান জানিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর