ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে নীরব মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক ঘুরে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
একই সঙ্গে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিও জানানো হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এতে “আমরা নীরব, দাবি আমাদের স্পষ্ট, শিক্ষকের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব”, “বিচারহীনতা বন্ধ করতে হবে” এবং “Justice for Run, Stop Violence Now” ইত্যাদি স্লোগান লেখা ছিল।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বাংলা বিভাগের তিয়াশা চাকমা, ড. মনজুর রহমান, ড. গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ, অর্থনীতি বিভাগের ফারহা তানজিম তিতিল, ড. গফুর গাজী, ড. আব্দুস সামাদ, ড. বশির আহমেদ, ড. খোদেজা খাতুন, সহকারী অধ্যাপক আতিফা কাফি ও ইনজামুল হক সজলসহ অনেকে অংশ নেন।
সমাবেশ থেকে তিনটি মূল দাবি তুলে ধরা হয়—ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা জোরদার করা।
মিছিল শেষে শিক্ষকরা বলেন, তদন্তে যেন প্রকৃত অপরাধীরা শনাক্ত হয় এবং কাউকে আড়াল বা নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়।
একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান তারা। নিহত শিক্ষিকার পরিবারের জন্য আর্থিক সহায়তা ও তাদের সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী তিয়াশা চাকমা বলেন, আমরা শোকাহত ও ক্ষুব্ধ।
তবে আমাদের দাবি পরিষ্কার-নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং নির্দোষ কেউ যেন ভোগান্তির শিকার না হন।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে নিজ বিভাগের কার্যালয়ে এক কর্মচারীর হাতে নিহত হন আসমা সাদিয়া রুনা। ঘটনার পর অভিযুক্ত ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়।
পরদিন নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় আরও কয়েকজনকে আসামি করা হলেও তারা এখনো গ্রেফতার হয়নি বলে জানা গেছে।
এসআর