চলতি মে মাসের প্রথম ১৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, মে মাসের প্রথম ১৩ দিনে দৈনিক গড়ে প্রায় ১৩ কোটি ৪১ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে এবার প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রায় ২০ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়ে।
এসআর