টেকসই বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, সবুজ নির্মাণপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কেন্দ্র করে রাজধানীতে শুরু হয়েছে “বিআইআইডি এক্সপো অ্যান্ড ডায়ালগ ২০২৬”।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৯ মে পর্যন্ত।
এক্সপোনেট এক্সিবিশনের উদ্যোগে আয়োজিত এবারের প্রদর্শনীতে বিশ্বের ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রদর্শনীতে বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, শিল্পপ্রযুক্তি ও নির্মাণ খাতের আধুনিক প্রযুক্তি, পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি বলেন, দেশের শিল্পায়ন ও নগরায়ণের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করা এখন সময়ের বড় চ্যালেঞ্জ।
একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও বিবেচনায় নিতে হচ্ছে।
তিনি নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও আধুনিক গ্রিড ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, কার্বন নিঃসরণ কমানো এখন শুধু পরিবেশগত ইস্যু নয়, এটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তার সঙ্গেও জড়িত।
রুফটপ সোলারসহ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক বলেন, এ আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিল্প ও জ্বালানি খাতের সম্ভাবনাকে তুলে ধরছে। একই প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের অংশগ্রহণ নতুন ব্যবসায়িক সংযোগ তৈরিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে নীতিনির্ধারক, উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের আয়োজন সেই সমন্বয়কে আরও শক্তিশালী করে।
সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মুজাফফর আহমেদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বেসরকারি খাতকে আরও সক্রিয় হতে হবে।
অন্যদিকে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, সবুজ জ্বালানি ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম ভিত্তি হয়ে উঠছে।
এছাড়া বাংলাদেশ এলিভেটর এস্কেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল নগরায়ণে নিরাপদ ও আধুনিক লিফট প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে লিফটকে মূলধনী যন্ত্রপাতি খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের চেয়ারম্যান এম. আজিজুর রহমান, খবরের কাগজ-এর সম্পাদক মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা
আয়োজকদের তথ্যমতে, একই ভেন্যুতে ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপোও অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের উদ্যোগে একাধিক বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।
এসব অধিবেশনে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বিআইআইডি এক্সপো অ্যান্ড ডায়ালগ ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।
এসআর