আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে।
এ লক্ষ্যে রাজধানীতে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি সংগঠন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পে স্কেল দ্রুত কার্যকরের দাবিতে মে মাসজুড়ে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচি পালিত হবে। এর অংশ হিসেবে পটুয়াখালী, খুলনা এবং ঢাকায় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে গঠিত একটি কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। সেখানে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে, যাতে একসঙ্গে বড় আর্থিক চাপ তৈরি না হয়।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেলের প্রথম ধাপ কার্যকর হতে পারে। প্রাথমিকভাবে মূল বেতন বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের সম্ভাবনাই বেশি।
দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মীরা আর্থিক চাপে রয়েছেন।
অনেকেই মাসিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন এবং ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।
সংগঠনটির নেতারা আশা করছেন, আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হলে এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে।
এসআর