ঢাকায় ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’ এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (EDP) চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দক্ষ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বাড়ানো এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা জোরদার করা।
সরকারি এই কর্মসূচিতে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং প্রতিযোগিতামূলক শিল্প খাত গড়ে তোলার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।
ব্যাংকের ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ থেকে সর্বোচ্চ উপকার নেওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, যারা কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, আর্থিক জ্ঞান ও প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। তারা এসএমই খাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক সহায়তার কথাও উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বলেন, এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাওয়া ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। তিনি উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে এ উদ্যোগের ভূমিকার কথা তুলে ধরেন।
এক মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে ২৫ জন তরুণ উদ্যোক্তাকে বাছাই করা হয়েছে। তাদের ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং ডিজিটাল দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে পরিচালিত এ কর্মসূচি আগামী ২০ মে পর্যন্ত চলবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করে টেকসই ব্যবসা গড়ে তুলতে সক্ষম হবেন।
এসআর