যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পুনরায় বাড়তে শুরু করেছে। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের
প্রধান মানদণ্ড 'ব্রেন্ট ক্রুড'-এর দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
তেলের দাম: সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০৬.৯৯ ডলারে পৌঁছেছে।
শেয়ারবাজার: তেলের দাম বাড়লেও এশিয়ার শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়েনি। জাপানের নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আজ ঊর্ধ্বমুখী ছিল।
শিপিং সংকট: হরমুজ প্রণালিতে ইরানের হুমকির মুখে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে কমেছে। স্বাভাবিক সময়ে যেখানে দৈনিক ১২৯টি জাহাজ চলত, সেখানে গত শনিবার মাত্র ১৯টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। এতে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থবির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইরানের সফর: সংকট নিরসনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষে বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছেন। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্রের অবস্থান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ ত্যাগ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূতদের পাকিস্তান সফর বাতিল করেছেন। ট্রাম্প দুই সপ্তাহের অস্ত্রবিরতির মেয়াদ বাড়ালেও স্থায়ী চুক্তির বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি।
গত ফেব্রুয়ারি থেকে ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক নিরাপত্তা চরম ঝুঁকির মুখে রয়েছে।
এসআর