[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

রিজার্ভে ইতিবাচক প্রবণতা, মোট রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ওপরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ৮:৪৬ পিএম

সংগৃহীত ছবি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী অবস্থানে পৌঁছেছে।

প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এবং বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতার কারণে রিজার্ভের এই উন্নতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে দেশের নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০,৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ৩০ বিলিয়ন ডলারের মাইলফলককে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। একই সময়ে দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫,০৩৮ মিলিয়ন ডলার।


বাংলাদেশ ব্যাংক জানায়, রিজার্ভের এই ইতিবাচক প্রবণতার প্রধান কারণ হলো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে ডলার সরবরাহ স্থিতিশীল থাকা।
এপ্রিলের প্রথমার্ধে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি
চলতি এপ্রিল মাসেও প্রবাসী আয়ের প্রবাহ বাড়তে দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স এসেছে প্রায় ১,৭৮৮ মিলিয়ন ডলার। একই দিনে এককভাবে এসেছে ১৮১ মিলিয়ন ডলার।


গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে প্রায় ২১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১৫ এপ্রিল সময়ে এই আয় ছিল ১,৪৭২ মিলিয়ন ডলার।


চলতি অর্থবছরেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ
২০২৫–২৬ অর্থবছরের ১৫ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৭,৯৯৬ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ দশমিক ৪ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৩,২৫৭ মিলিয়ন ডলার।


অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা আনতে সহায়তা করছে। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ায় ডলার সরবরাহ স্বাভাবিক হচ্ছে এবং অনানুষ্ঠানিক চ্যানেলের ওপর নির্ভরতা কমছে।


বাজার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয়
বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক ডলার ক্রয় অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে, যার কাট-অফ রেট ছিল ১২২.৭৫ টাকা।


এর ফলে চলতি এপ্রিল মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২০ মিলিয়ন ডলার। আর ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ক্রয় দাঁড়িয়েছে ৫,৬১৩ দশমিক ৫০ মিলিয়ন ডলারে।

এসআর

সম্পর্কিত খবর