দেশে ডিজিটাল ব্যাংকিং সেবায় নতুন সংযোজন হিসেবে ‘কমিউনিটি ইডব্লিউএ ৩৬০ নামে একটি আধুনিক আর্থিক সেবা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও ব্যাংকের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির।
নতুন এ সেবার মাধ্যমে বেতনভিত্তিক গ্রাহকেরা তাদের অর্জিত বেতনের অর্থ প্রয়োজন অনুযায়ী দ্রুত ও সহজে ব্যবহারের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু ব্যাংকিং সেবাকে আরও আধুনিক করবে না, বরং দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যাংকের উন্নত ডিজিটাল অবকাঠামোর ওপর ভিত্তি করে তৈরি ‘কমিউনিটি ইডব্লিউএ ৩৬০ প্ল্যাটফর্মটি নিরাপদ ও ব্যবহারবান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে।
গ্রাহকেরা ‘কমিউনিটি ক্যাশ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিক অর্থ উত্তোলন, লেনদেন পর্যবেক্ষণ এবং হিসাব সংক্রান্ত তথ্য সহজেই দেখতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যাংকের স্বতন্ত্র পরিচালকবৃন্দ এবং ব্যবস্থাপনা পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসআর