গত কয়েকদিনের প্রচণ্ড তাপপ্রবাহের পর অবশেষে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি নেমেছে। আজ ২৬ এপ্রিল (রবিবার) বিকেলে পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইল এবং কুড়িল বিশ্বরোডসহ বেশ কিছু স্থানে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা থাকলেও বিকেল ৪টার দিকে এই বৃষ্টির দেখা মেলে, যা দীর্ঘ তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর জন্য প্রশান্তি নিয়ে এসেছে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে এসব বিভাগের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহও কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর মেঘমালার কারণে পরবর্তী ৯৬ ঘণ্টায় ভারী বৃষ্টির ফলে জলাবদ্ধতার সতর্কতাও দেওয়া হয়েছে।
এসআর