রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা একপর্যায়ে তীব্র উত্তেজনায় রূপ নেয়।
এ সময় থানার ভেতরে ঢুকে ডাকসুর এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক এবং আরেক নেতা এ বি জুবায়ের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় আশ্রয় নেন।
জানা যায়, বিকেল থেকেই ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মুসাদ্দিক ও জুবায়েরের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়।
একপর্যায়ে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে মুসাদ্দিক ও জুবায়ের থানার ভেতরে ঢুকে পড়েন। অভিযোগ রয়েছে, তখন তাদের লক্ষ্য করে ভেতরেই হামলার ঘটনা ঘটে। ওই সময় সেখানে আরও কয়েকজন ছাত্রনেতা উপস্থিত ছিলেন।
ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, যার ফলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
এসআর