[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ৩:৫৬ পিএম

প্রতিকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের একটি মসজিদ থেকে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম জামে মসজিদ সংলগ্ন তাঁর বসবাসের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত ইমাম মাওলানা মোহাম্মদ ইদ্রিস। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলেন।


স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের আগে মুসল্লিরা মসজিদে গেলে ইমামের কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয়।

পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।


খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম বলেন, মাওলানা ইদ্রিস এলাকায় অত্যন্ত সম্মানিত ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শনে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং অন্য কারও প্রবেশের আলামত পাওয়া যায়নি।


তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


ঘটনার পর নিহতের পরিবার, মুসল্লি ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর