কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে এলাচ নামে এক কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে ধান কাটার কাজ নিয়ে হারভেস্টার মেশিন সংশ্লিষ্ট পক্ষ ও এক কৃষকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় এলাচ আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।
আহত কৃষক এলাচের অভিযোগ, ধান কাটার বিষয় নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করা হয়। পাশাপাশি তার বাড়িতেও হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন তিনি।
তবে অভিযুক্ত হারভেস্টার মেশিনের চুক্তিভিত্তিক মালিক বাবুল অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে এলাচ সাংবাদিকদের জানান, তিনি বাবুলকে নয়, অন্য একজনকে “দালাল” বলে মন্তব্য করেছিলেন। এ বিষয় নিয়েও এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
ঘটনার পর উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বর্তমানে গ্রামে হারভেস্টার মেশিনে ধান কাটাকে কেন্দ্র করে বিভিন্ন সময় ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। দ্রুত এসব বিরোধ মীমাংসা না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা থাকে।
স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বানও জানান তারা।
এসআর