পটুয়াখালীর বাউফল উপজেলায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর চার শিক্ষার্থীর একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা মন্নান গাজীর মেয়ে সানজিদা আক্তার (১২) গত ১০ মে সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।
তবে স্কুল ছুটির পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিতে শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, একই এলাকার আরও তিন শিক্ষার্থী—আয়শা আক্তার (১৩), ইসমত জেরিন সাজনিন (১২) ও সানজিদা আক্তার রাইসা (১৪)—একই সময়ের মধ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
নিখোঁজদের মধ্যে রাইসা, আয়শা ও সানজিদা স্থানীয় ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যদিকে সাজনিন একটি মাদ্রাসায় পড়াশোনা করে বলে জানা গেছে।
স্বজনরা জানান, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা আলী হোসেন দাবি করেন, বগা এলাকা থেকে কেউ একজন তাদের ঢাকা অভিমুখী বাসে ওঠার ব্যবস্থা করে দেয়।
তার ভাষ্য, ঘটনার পেছনে অপহরণের বিষয় থাকতে পারে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসআর