[email protected] মঙ্গলবার, ১২ মে ২০২৬
২৯ বৈশাখ ১৪৩৩

বারহাট্টায় নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ফারিয়ার মানববন্ধন

বারহাট্রা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে ২০২৬ ৯:০৩ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার বারহাট্টায় পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) সদস্যরা।

সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে বারহাট্টা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

“অধিকার আদায়ে, আমরা সবাই একসাথে” স্লোগানে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছেন এবং তাদের পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।


মানববন্ধনে বক্তারা সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানের সময় কয়েকজন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভকে আটকের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন।

তারা দাবি করেন, আটক ব্যক্তিরা নিজেদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। পরে পরিচয় যাচাই শেষে আদালতের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।


ফারিয়ার নেতারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন। তারা চিকিৎসকদের কাছে নতুন ও আধুনিক ওষুধ ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার কাজ করেন। তাই এ পেশাকে যথাযথ মর্যাদা ও সামাজিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা।


বারহাট্টা উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক হিরা মিয়া, এনামুল হক, আসলাম উদ্দিনসহ অন্য নেতারা।


বক্তারা আরও বলেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মাঠপর্যায়ে কাজ করা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান তারা।

এসআর

সম্পর্কিত খবর