মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় এলাকায় ভেঙে যাওয়া একটি সাঁকো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
সোমবার (১১ মে) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত সাঁকোর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে প্রবল পানির স্রোতে এলাকার গুরুত্বপূর্ণ এই সাঁকোটি ভেঙে পড়ে।
এতে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বর্ষা এলেই সাঁকোটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত স্থায়ী কোনো অবকাঠামো নির্মাণ না হওয়ায় প্রতিবছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
এমনকি সম্প্রতি এক ব্যক্তির মরদেহ পারাপারের ক্ষেত্রেও নৌকার সহায়তা নিতে হয়েছে বলে জানান স্থানীয়রা।
পরিদর্শনের সময় বাসিন্দারা দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান। তাদের মতে, একটি টেকসই ব্রিজ নির্মিত হলে কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
ইউএনও মো. জিয়াউর রহমান এলাকাবাসীর সমস্যার কথা শুনে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এসআর