সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবন এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন এক মৌয়াল।
গুরুতর আহত ওই মৌয়ালের নাম বাবলু গাজী (৪৫)। তিনি গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার (১১ মে) সকালে বন বিভাগের সদস্যরা আহত বাবলুকে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে বুড়িগোয়ালিনী স্টেশন সংলগ্ন স্থানে নিয়ে আসেন। পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সহযোগী মৌয়ালদের ভাষ্য, রোববার সকালে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে কয়েকজন মৌয়াল মধু সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেন।
মধু সংগ্রহের একপর্যায়ে ঝোপের আড়াল থেকে একটি বাঘ হঠাৎ বাবলু গাজীর ওপর হামলা চালায়।
এ সময় সঙ্গে থাকা অন্যরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়।
পরে আহত অবস্থায় বাবলুকে দ্রুত উদ্ধার করে লোকালয়ে ফিরিয়ে আনা হয়।
স্বজনরা জানান, বাঘের আক্রমণে তার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের সময় মৌয়ালদের নিরাপত্তাবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। এরপরও মাঝে মধ্যে বন্য প্রাণীর আক্রমণের মতো দুর্ঘটনা ঘটে থাকে।
আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও খোঁজখবর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
এসআর