দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন পঞ্চগড়ের জ্যেষ্ঠ সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
দুইটি কিডনিই প্রায় অকার্যকর হয়ে পড়ায় বর্তমানে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে।
তার চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ, যা বহন করতে পরিবার হিমশিম খাচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে রংপুরের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
সাজ্জাদের বড় ছেলে আবু বক্কর জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করাতে হচ্ছে। এতে প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে।
তবে স্থায়ী সমাধানের জন্য কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, যার জন্য বিদেশে চিকিৎসাসহ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার প্রয়োজন হতে পারে।
সাংবাদিকতায় দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে কাজ করে আসছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
নব্বইয়ের দশকে স্থানীয় পত্রিকায় কাজের মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু হয়।
বর্তমানে তিনি এনটিভির স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া বাংলা ট্রিবিউন ও ইউএনবি-তেও কর্মরত রয়েছেন।
এর আগে তিনি জনকণ্ঠ, সমকাল ও যুগান্তরের মতো বিভিন্ন গণমাধ্যমে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
তিনি একাধিকবার পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নতুন প্রজন্মের অনেক সাংবাদিককে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।
বর্তমানে তার পরিবার চরম আর্থিক সংকটে রয়েছে। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে ডায়ালাইসিস চালিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তার পরিবারের।
সাজ্জাদুর রহমান সাজ্জাদের চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীরা বিকাশ ও নগদ নম্বর ০১৭২০০২৫৪৫৫-এ সহযোগিতা পাঠাতে পারবেন। এছাড়া পূবালী ব্যাংক, পঞ্চগড় শাখায় তার হিসাব নম্বর: ৩৩৪৮১০১০২৭১৪৬।
এসআর