জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনের রুট ও সময়সূচি পরিবর্তনের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
সোমবার (৪ মে) বিকেলে জগন্নাথগঞ্জ ঘাট বাজার স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করে এলাকাবাসী তাদের দাবি জানায়। এতে ওই লাইনে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিক্ষোভকারীদের দাবি, ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি আগের মতো যমুনা সেতু (পূর্ব) হয়ে চালু করতে হবে। পাশাপাশি বর্তমান সময়সূচি পরিবর্তন করে এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে যাত্রীদের গভীর রাতে যাতায়াত করতে না হয়।
তাদের প্রস্তাব অনুযায়ী, ট্রেনটি ঢাকা থেকে রাতে ছেড়ে জামালপুরে সকালে পৌঁছানো এবং সেখান থেকে ভোরে ছেড়ে ঢাকায় দিনের বেলায় পৌঁছানোর ব্যবস্থা করা উচিত।
এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা ‘ধলেশ্বরী’ ট্রেনটি পুনরায় চালু করে সেটির রুট যমুনা সেতু (পশ্চিম) হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত সম্প্রসারণের দাবিও জানান আন্দোলনকারীরা।
স্থানীয়দের অভিযোগ, বর্তমান সময়সূচির কারণে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। ঢাকা থেকে বিকেলে ছেড়ে ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে যায়, আর ফিরতি পথে ঢাকায় পৌঁছাতে গভীর রাত হয়ে যায়।
এতে মাঝরাতে স্টেশন থেকে বাড়ি ফেরার সময় ছিনতাইসহ নানা ঝুঁকিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
তারা আরও জানান, এ পরিস্থিতিতে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের অনেকেই এই রুট এড়িয়ে চলছেন।
দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
এসআর