[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ সময়সূচি ঘোষণা

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ১০:২৩ এএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকার আমচাষিদের জন্য নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাতকরণের একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।

অপরিপক্ব আম বাজারে আসা ঠেকানো এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত ফল নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে এ সময়সূচি ঘোষণা করেন।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


ঘোষিত সূচি অনুযায়ী, আগাম জাতের আম যেমন গোপালভোগ, গোলাপখাস ও বৈশাখী সংগ্রহ শুরু হবে ৫ মে থেকে। এরপর ধাপে ধাপে গাবিন্দভোগ ৯ মে, হিমসাগর ১৫ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি সংগ্রহ করা যাবে ৫ জুন থেকে।


কৃষি কর্মকর্তারা জানান, চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে কিছু জাতের আম সংগ্রহের সময় সামান্য সমন্বয় করা হয়েছে। তবে নির্ধারিত সময় মেনে চললে আমের পরিপক্বতা ও স্বাদ বজায় থাকবে।

একইসঙ্গে অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার থাকবে বলেও তারা জানান।


তাদের মতে, নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ করলে ফলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ভোক্তাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই সকল চাষিকে নির্ধারিত ক্যালেন্ডার অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগাম আম বাজারে আনলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাজারে নিরাপদ ও ভেজালমুক্ত আম নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালানো হবে।


স্থানীয় চাষিদের আশা, এই সময়সূচি মেনে চললে ন্যায্য দাম পাওয়া সহজ হবে এবং ভবিষ্যতে রপ্তানি বাজারেও সম্ভাবনা বাড়বে।

সংশ্লিষ্টদের মতে, সঠিক সময়ে সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত হলে সাতক্ষীরার আম দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করতে পারবে। 

এসআর

সম্পর্কিত খবর