লালমনিরহাটে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ৭টা থেকে পুলিশ লাইন্স মাঠে এ দিনের পরীক্ষা শুরু হয়, যেখানে পূর্ববর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন।
দিনটির প্রধান আকর্ষণ ছিল শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা (Physical Endurance Test–PET)। এ সময় নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।
নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. আশিকুর রহমান, রংপুর রেঞ্জের প্রতিনিধি হিসেবে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান এবং নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
স্বাস্থ্যসেবার দায়িত্বে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সার্জন ডা. সাকলাইন আরেফিন ও আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাম্মী বেগম।
এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক এবং সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেনসহ অন্যান্য কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সফল প্রার্থীদের অভিনন্দন জানানো হয়।
একই সঙ্গে সুষ্ঠুভাবে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।
তিনি বলেন, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ ও কঠোর তদারকির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাই কোনো দালাল বা প্রতারকের প্রলোভনে না পড়ে সতর্ক থাকার জন্য প্রার্থীদের আহ্বান জানানো হয়।
কোনো সন্দেহজনক প্রস্তাব পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর