চট্টগ্রামে হাম ও রুবেলা সংক্রমণ মোকাবিলায় ‘জরুরি এমআর টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) থেকে নগরীর ৪১টি ওয়ার্ড এবং জেলার ১৫টি উপজেলায় একযোগে এই কার্যক্রম চালু
করা হয়। আগামী ১০ মে পর্যন্ত চলমান এই বিশেষ অভিযানে প্রায় ১১ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
লক্ষ্যমাত্রা: নগর এলাকায় প্রায় ৩ লাখ ৩০০ এবং জেলা পর্যায়ে ৭ লাখ ৬৭ হাজার ৯২৫ জন শিশুসহ মোট প্রায় ১১ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।
সময়সূচী: প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে।
বিশেষ ব্যবস্থা: কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে নগরীর ১৪টি নির্দিষ্ট কেন্দ্রে সন্ধ্যাকালীন টিকাদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
অঞ্চল বিন্যাস: কার্যক্রম পরিচালনার সুবিধার্থে সিটি করপোরেশন এলাকাকে ৭টি জোনে ভাগ করা হয়েছে।
অনলাইনে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন ব্যবহার করে নিবন্ধনের সুযোগ থাকলেও, নিবন্ধন ছাড়াও শিশুদের টিকা দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ এলাকার বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে মাঠে সক্রিয় রয়েছে একাধিক 'মপ-আপ টিম'।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ৪৬৭টি নমুনা পরীক্ষার মধ্যে ৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এতে একজনের মৃত্যু হয়েছে। এই প্রেক্ষাপটেই জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ পৃথক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এসআর