[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে অভিযোগ: তদন্তে আইন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ১০:১৪ এএম

সাভারের সাব রেজিস্ট্রার জাকির হোসেন

ঢাকার সাভারে কর্মরত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে ঘিরে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৬ এপ্রিল) আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাঈনউদ্দিন কাদির সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে সরেজমিন অনুসন্ধান করেন।

এ সময় তিনি সেবাগ্রহীতা, দলিল লেখকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বক্তব্য নথিবদ্ধ করেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই কর্মকর্তার বিরুদ্ধে দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, গ্রাহকদের হয়রানি এবং সরকারি বিধিমালা উপেক্ষার অভিযোগ রয়েছে।

এছাড়া অফিসকেন্দ্রিক দালাল চক্রের মাধ্যমে কাজ পরিচালনার কথাও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।


কিছু সূত্র জানায়, নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ না দিলে অনেক ক্ষেত্রে দলিল নিবন্ধনের কাজ বিলম্বিত করা হয়। পাশাপাশি, সম্প্রতি এক কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।


অভিযোগগুলো বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়ার পর মন্ত্রণালয়ের নির্দেশে এ তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
তদন্ত কর্মকর্তা মো. মাঈনউদ্দিন কাদির সাংবাদিকদের জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ইতোমধ্যে কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেবে। 

এসআর

সম্পর্কিত খবর