[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

একনেকে অনুমোদন: দুর্গাপুর–কলমাকান্দায় চার সেতু, বদলাবে জনজীবন

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ১২:০৮ এএম

সংগৃহীত ছবি

দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাকে আধুনিক ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রবিবার (২৬ এপ্রিল ) অনুষ্ঠিত সভায় এই দুই উপজেলায় চারটি সেতু নির্মাণের প্রস্তাব চূড়ান্ত করা হয়।


পর্যটনসম্ভাবনাময় দুর্গাপুর ও কলমাকান্দার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এই উদ্যোগকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনীতি ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


প্রকল্প সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার গণেশ্বরী ও মহাদেও নদীর ওপর দুটি সেতু নির্মাণ করা হবে। এছাড়া দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর ওপর নির্মিত হবে আরও দুটি সেতু।


এ বিষয়ে নেত্রকোণা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে।

তিনি এ প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।


খবরটি ছড়িয়ে পড়ার পর দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সাড়া দেখা গেছে।

স্থানীয়রা মনে করছেন, সেতুগুলো নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এসআর

সম্পর্কিত খবর