সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস।
রোমাঞ্চকর লড়াই শেষে বালক বিভাগে ৬৩ নম্বর হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে ১৬৫ নম্বর পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বালক বিভাগে রানার্সআপ হয় ৭৩ নম্বর দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে ৩৬ নম্বর আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবীর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বালক ও বালিকা—উভয় দলই মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রতিনিধিত্ব করে।
এসআর