[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

উলশী খাল খনন: অর্ধশতাব্দী পর ফিরে দেখা এক স্মৃতিময় অধ্যায়

যশোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৬:২৯ পিএম

সংগৃহীত ছবি

প্রায় পাঁচ দশক পর আবারও উলশী খাল খনন কার্যক্রম উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অতীতে এ খাল খননের সূচনা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দীর্ঘ সময় পর নতুন করে এই প্রকল্প চালু হওয়ায় স্থানীয়দের মাঝে পুরোনো স্মৃতি ফিরে আসছে।


সেই সময় খাল খনন কর্মসূচিতে অংশ নিতে যশোরের চাঁচড়া এলাকা থেকে বহু মানুষ একসঙ্গে যাত্রা করেছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন মল্লিকের নেতৃত্বে শতাধিক মানুষ ওই কর্মসূচিতে যোগ দেন।

যাত্রার আগে তাদের একটি দলীয় ছবিও তোলা হয়েছিল, যা এখনো সংরক্ষণ করে রেখেছেন তার পরিবার।


তোজাম্মেল মল্লিকের ছেলে এমদাদুল হক মল্লিক সান্টু জানান, তার শৈশবের সঙ্গে এই ঘটনার গভীর সম্পর্ক রয়েছে।

সেই সফরে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সান্নিধ্যও পেয়েছিলেন। বর্তমানে তিনি সেই সময়ের স্মৃতিচারণ করে বলেন, এসব ঘটনা এখন শুধুই অতীতের স্মৃতি হয়ে আছে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই সময়ের খাল খনন কর্মসূচি ছিল একটি বড় উদ্যোগ, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। চাঁচড়া এলাকার অনেকেই এখনো সেই দিনের অভিজ্ঞতা মনে রেখেছেন।


সান্টু মল্লিক জানান, তার বাবা তোজাম্মেল মল্লিক স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি এলাকার মানুষের সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিতেন।

তবে সময়ের পরিবর্তনে অনেক কিছুই বদলে গেছে, আগের মতো যোগাযোগ বা খোঁজখবর আর নেই বলে আক্ষেপ করেন তিনি।


এদিকে, নতুন করে উলশী খাল খননের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি, পানি ব্যবস্থাপনা এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।


সান্টু মল্লিক আরও বলেন, দেশের বিভিন্ন নদী ও খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব। তিনি এ ধরনের উদ্যোগ দেশজুড়ে বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।


স্থানীয়দের প্রত্যাশা, উলশী খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পরিবেশ ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

এসআর

সম্পর্কিত খবর